
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক রয়েছেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের সহযোগীরা রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান। এ সময় ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা গেছে। ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। পরে তাঁদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, আটক দুজনকে ছিনিয়ে নিতে তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি জয়নাল আবেদীন।