
দীর্ঘ ৯ বছর পর হারিয়ে যাওয়া মেয়ে রমুজা আক্তারকে (৩৯) ফিরে পেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরেছেন তিনি।
রমুজা আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাদমারা ইউনিয়নের রত্নপুর গ্রামের কবির আহম্মদ ও জাহানারা বেগমের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন রমুজা। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি মা জাহানারা বেগম। দীর্ঘদিন ধরে মেয়ের ফেরার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার মহিলা ও শিশু-কিশোরীদের নিরাপদ আবাসনে (সেফহোম) থাকা রমুজার পরিচয় শনাক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে রামগড় থানা পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
রমুজার মা জাহানারা বেগম জানান, ২০০৭ সালে পাশের রামগড় থানার বালুখালী গ্রামের মনসুর আলী চকিদারের সঙ্গে সামাজিকভাবে মেয়ের বিয়ে হয়। তাঁর সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অভাব-অনটন ও পারিবারিক অশান্তির কারণে ২০১৭ সালে মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, সম্প্রতি সিআইডির ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে রমুজার পরিচয় শনাক্ত করা হয়। পরে তাঁর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী থেকে তাঁকে পুলিশের সহযোগিতায় রামগড় থানায় আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রমুজাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।