-6ad731b4cfaa8.webp)
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, দলীয় নেতাকর্মীদের তার পক্ষেই কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দলের সিদ্ধান্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে দল থেকে ছিটকে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে দলের ভেতরে যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদে ক্ষমা করবেন না বলে মন্তব্য করেন মন্ত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি নির্দিষ্ট কর্মপদ্ধতি ঠিক করে দেবেন, কীভাবে নির্বাচনে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নের বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার ব্যবস্থায় সংরক্ষিত থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হতে পারবেন।
তিনি বলেন, “আমার দল যদি না জেতে তাহলে আমার মতো চড়া নেতা দিয়ে কি হবে বলেন? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তখন কিচ্ছু যায়-আসতো না।”
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের চেয়ে দলের বিজয় নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান আসাদুজ্জামান।
তিনি বলেন, এমন প্রার্থী মনোনয়ন দিতে হবে, যিনি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবেন। পছন্দের কাউকে প্রার্থী করা হলেও তিনি যদি জয়ী হতে না পারেন, তাহলে সেই মনোনয়ন দিয়ে লাভ হবে না।
দলকে সবচেয়ে বড় আমানত হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশ্বাসঘাতকতা করলে কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে বিকল্প কোনো অবস্থান নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দলের রয়েছে।
চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ প্রসঙ্গে
শৈলকুপায় চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, এসব অনিয়ম বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার দাবি, শৈলকুপায় বর্তমানে এ ধরনের কর্মকাণ্ড নেই।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।