
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সেজেছে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছোট্ট সামিয়া।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জামালখান মোড়ে খালেদা জিয়ার মতো পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিশুটিকে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তাঁকে একনজর দেখতে ও স্বাগত জানাতে নগরের বিভিন্ন মোড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অপেক্ষা করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর চলাচলের সম্ভাব্য পথগুলোতেও তাঁদের উপস্থিতি দেখা গেছে।
এরই মধ্যে জামালখান এলাকায় খালেদা জিয়ার সাজে ছোট্ট সামিয়ার উপস্থিতি পথচারীদের নজর কাড়ে। সাবেক প্রধানমন্ত্রীর আদলে পোশাক পরে তারেক রহমানকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিল শিশুটি।
মঙ্গলবার সন্ধ্যায় সামরিক বিমানে রাজশাহী থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিমানবন্দর থেকে তাঁর নগরের ঐতিহ্যবাহী জে এম সেন হলের পূজামণ্ডপে যাওয়ার কথা রয়েছে। সেখানে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা সাজানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তাঁকে একনজর দেখার আগ্রহ দেখা গেছে।