
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন তুলে ধরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর মতে, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনব্যবস্থা নিয়ে স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। তিনি নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, অর্থশালী বা বিত্তবান না হলেও যেসব মানুষের জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ সহজ করতে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোলার প্রাকৃতিক গ্যাসের বিষয়ে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত গ্যাসের মজুত রয়েছে এবং আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। ভোলার মানুষেরও গ্যাসের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ গ্যাসের দাবিতে অপেক্ষা করছেন। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।