
মাগুরার শ্রীপুরে অ্যালকোহলযুক্ত মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে অতিরিক্ত মদপান ও বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২২) এবং বাখেরা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিজয়া দশমীর রাতে উপজেলার জারিয়া চতুর্থপল্লী মহাশ্মশান দুর্গা মন্দির এলাকায় বিধান ও আলমগীর অতিরিক্ত মদপান করেন। বাড়ি ফেরার পর তাঁরা অসুস্থতা অনুভব করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকালে দুজনের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. ইমরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত মদপান ও বিষক্রিয়ার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।