.jpg)
ভোলার লালমোহন উপজেলায় শিম গাছ রোপণ নিয়ে বাগবিতণ্ডার জেরে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে রাজধানী ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।
এরআগে শুক্রবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার দোকান এলাকার ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে তার নিজস্ব জমিতে শিম গাছ রোপণ করে সেখানে বাঁশের জোঁপ দেয়। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ওই জোঁপ কাজলের স্ত্রী জান্নাত কেটে ফেলেন। নামাজ পড়ে ফিরোজ তা দেখতে পেয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে দা দিয়ে এলোপাথারী কোপাতে শুরু করে।
পরে গুরুত্বর আহত অবস্থায় ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে ফিরোজের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যান। শনিবার বিকেলে ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামে ওই বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।
এ ব্যাপারে লালমোহন থানার এসআই মো. নূরুল আমিন বলেন, অভিযোগ শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।