
ভোলার লালমোহন উপজেলায় অসহায় ও দুস্থ ১৯০টি পরিবারের মাঝে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ১৯ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন বিএনপির নেতারা।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক সংকট মোকাবিলায় সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই লক্ষেই স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন তিনি।
অনুষ্ঠানে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।