
শেরপুরের শ্রীবরদীতে দাফন করার মতো নিজস্ব জমি না থাকায় আব্দুল করিম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ তার বসতঘরেই দাফন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার তাতিহাটী ইউনিয়নের শালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই বৃদ্ধের নাম আব্দুল করিম শালমারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিমের বসতভিটা ছাড়া কোন জায়গা জমি নেই। শালমারা এলাকায় পারিবারিক কবরস্থান ছাড়া কোন গণকবরস্থান নেই। যার কারণে যে সকল পরিবারের পারিবারিক কবরস্থান নেই তারা ব্যাপক বিড়ম্বনায় পড়েছেন। কেউ কেউ বাড়ির আঙিনায়, বসতবাড়ির সামনে, বসতঘরের পাশে মরদেহ দাফন করে থাকেন। আব্দুল করিমের বসতঘরের জায়গা ছাড়া আর কোন জায়গা জমি না থাকায় বসতঘরেই তাকে দাফন করা হয়। এরপর থেকেই এ ঘটনাটি এলাকা চাঞ্চল্য তৈরি হয়।
শালমারা গ্রামের মাসুদ মিয়া বলেন, আমরা এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে শালামারা গ্রামে একটি গণকবরস্থানের দাবি দীর্ঘদিন থেকে করে আসছি। কেউ এগিয়ে না আসায় আব্দুল করিমকে তার ঘরেই দাফন করা হয়েছে। বিষয়টি খুবই দু:জনক ও লজ্জার।
ওই বৃদ্ধের মেয়ে রিক্তা পারভীন জানান, আমাদের বসতঘরের জমি ছাড়া আর কোন জমি নেই। তাই বাধ্য হয়ে আমার বাবাকে ঘরেই দাফন করেছি। তবে আর কোন স্বজনকে বা এলাকার অন্য কাউকে যে ঘরে দাফন করতে না হয়, এজন্য এলাকায় একটি গণকবরস্থান হওয়া দরকার।
তাতীহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, শালামারা এলাকায় কোন গণকবরস্থান নেই। বিষয়টি আমরা জানতে পেরেছি। আগামীকাল (মঙ্গলবার) নিহত পরিবারের লোকজনদের সাথে কথা বলে পাশেই ষাইটকাকড়া গণকবরস্থানে দাফন করা হবে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) সকালে আমরা ঘটনাস্থলে যাবো। পরিবারটির সাথে আলোচনা করে পাশের ওয়ার্ডের সামাজিক কবরস্থানে তাকে দাফন করার উদ্যোগ নেওয়া হবে। ওই ওয়ার্ডে কোন সামাজিক কবরস্থান না থাকায় ঘরে দাফন করা হয়েছে বলে জানতে পেরেছি।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সমাজে একজন মানুষ মারা যাবে, তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হবে না এটা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে দ্রুত নির্দেশ দিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) পাশে যে কবরস্থান আছে, সেখানে তাকে দাফন করা হবে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি সত্যিই মর্মাহত। এ খবরটি জানার পর পরই শেরপুর-৩ আসনের সংসদ সদস্যকে অবগত করেছি।