
লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে বিশেষ বিমানে তাঁদের দেশে ফেরানো হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট ইউজেড-২২২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটেই দেশে ফেরেন তাঁরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রত্যাবাসন কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করেছে। এ ক্ষেত্রে লিবিয়া সরকার ও আইওএম সরাসরি সহযোগিতা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরা বাংলাদেশিদের বড় একটি অংশ মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইতালি ও ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার আশায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁদের অনেকেই পাচারকারীদের হাতে জিম্মি হন। কেউ কেউ অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকারও হয়েছেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর ফেরত আসা ব্যক্তিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আইওএমের প্রতিনিধিরা। এ সময় তাঁদের নিজ নিজ এলাকায় অবৈধ পথে বিদেশযাত্রার বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানান কর্মকর্তারা। তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে মানবপাচারকারীদের প্রলোভন ও প্রতারণা থেকে অন্যদের সতর্ক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দেশে ফেরা প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা, জরুরি খাদ্যসামগ্রী ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে থাকার জায়গা প্রয়োজন—এমন ব্যক্তিদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা অন্য অনিবন্ধিত বাংলাদেশিদের শনাক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও চলছে। এ কাজে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।