
মাদারীপুরের শিবচরে জামায়াতে ইসলামীর এক নেতার বসতঘর ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে তাইজুল ইসলাম নামের ওই নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
সম্প্রতি তাইজুল ইসলামকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও অসন্তোষ তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, তাঁর এমন কর্মকাণ্ডে গ্রামের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এ নিয়ে ক্ষোভের একপর্যায়ে রোববার সকালে তাঁরা সংঘবদ্ধ হয়ে তাঁর বসতঘরটি ভেঙে ফেলেন।
তবে হামলা ও ভাঙচুরে বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ২৭ অক্টোবর জামায়াতে ইসলামীর শিবচর উপজেলা শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগসংবলিত ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি ওই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছিল।
অন্যদিকে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাইজুল ইসলাম দাবি করেছেন, ছড়িয়ে পড়া ভিডিওতে যে নারীকে দেখা গেছে, তিনি তাঁর স্ত্রী।
বসতঘর ভাঙচুরের বিষয়ে জানতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো তাঁর কাছে কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।