
মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আন্দোলনের একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের পাশাপাশি একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তাঁরা। এ সময় কয়েকটি যানবাহন ও দোকানপাটেও হামলার ঘটনা ঘটে।
রোববার (১ নভেম্বর) সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই ওই এলাকায় আন্দোলন করে আসছিলেন পোশাকশ্রমিকেরা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে শত শত শ্রমিক কর্মস্থলে না গিয়ে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করেন।
এ সময় বিক্ষোভকারীদের একাংশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। আশপাশের দোকানপাট লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। এসব ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট তৈরি হয়।
কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা সকাল থেকে আবারও আন্দোলনে নেমেছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।