
একসময় দক্ষিণ এশিয়ায় বিশ্বসুন্দরী বলতেই যে নামটি সবার আগে মনে আসত, তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিত্বের মিশেলে বলিউডে নিজের জন্য তৈরি করেছেন স্বতন্ত্র অবস্থান। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। আজ ১ নভেম্বর তাঁর ৫৩তম জন্মদিন।
১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্ম ঐশ্বরিয়ার। বাবার চাকরির কারণে ছোটবেলাতেই পরিবারের সঙ্গে মুম্বাইয়ে চলে আসেন তিনি। শৈশব থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ ছিল তাঁর। ধ্রুপদি নাচের পাশাপাশি ভরতনাট্যমেও প্রশিক্ষণ নিয়েছেন। ১৯৯১ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে পথচলা শুরু হয় তাঁর।
মডেলিংয়ে পরিচিতি পাওয়ার পর ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট জয় করেন ঐশ্বরিয়া। এই অর্জন তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয় এবং চলচ্চিত্রে কাজের সুযোগ তৈরি করে।

১৯৯৭ সালে মণি রত্নমের তামিল ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। একই বছর ‘অউর পেয়ার হো গয়া’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। তবে হিন্দি চলচ্চিত্রে দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পান শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ ছবিতে অভিনয়ের পর। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মহাব্বতে’ও তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক আলোচিত ছবিতে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দেবদাস’, ‘চোখের বালি’, ‘রেইনকোট’, ‘গুজারিশ’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘এন্থিরান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘সর্বজিৎ’ এবং ‘পন্নিয়িন সেলভান’।
বিভিন্ন চরিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে রয়েছে দুটি ফিল্মফেয়ার, ছয়টি আইফা ও ছয়টি স্ক্রিন অ্যাওয়ার্ড। ভারত ও আন্তর্জাতিক অঙ্গন মিলিয়ে তাঁর অর্জনের তালিকায় রয়েছে প্রায় দেড়শ পুরস্কার ও সম্মাননা। ২০০৯ সালে ভারতের অন্যতম বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি উল্লেখযোগ্য সম্পদের মালিকও হয়েছেন ঐশ্বরিয়া। বিভিন্ন আর্থিক ও বিনোদনবিষয়ক প্ল্যাটফর্মের হিসাব অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে কাজ করেছেন তিনি। এসব চুক্তি, ব্যবসায়িক কর্মকাণ্ড ও বিনিয়োগ তাঁর সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
ব্যক্তিজীবনে ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া। তাঁদের সংসারে রয়েছে এক মেয়ে, আরাধ্য বচ্চন।
সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পন্নিয়িন সেলভান ২’ ছবিতে বড় পর্দায় দেখা গেছে তাঁকে। এরপর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা দেননি এই অভিনেত্রী। তবে দীর্ঘ বিরতি সত্ত্বেও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত ও প্রভাবশালী তারকা হিসেবে তাঁর অবস্থান অটুট রয়েছে।