
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে চাঁদপুরে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে থাকা স্মৃতিস্তম্ভটির বেদিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে স্থাপনাটির নিচের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভের বেদির নিচে পেট্রোল ঢেলে টায়ার জড়ো করে আগুন লাগানো হয়। আগুন জ্বলে ওঠার পরপরই ঘটনাস্থল ছেড়ে চলে যায় দুর্বৃত্তরা।
আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভাতে সক্ষম হন।
অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার পর ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভটি দেখতে যান। এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।