
তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাঈদ আব্দুল্লাহ আল-রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইব্রাহিম, সহকারি কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, শশীগঞ্জ বনবিটের বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান ছাপা পিন্টু, বিএনপি নেতা অরবিন্দু দে টিটোসহ বিভিন্ন সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তৃতা করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সমবায়ি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র পুঁজি একত্রিত করে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
তারা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে পরিচালনা করতে হবে। সমবায়ের সুফল যেন প্রকৃত সদস্য ও সাধারণ মানুষের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।