
বিধবা ও দরিদ্র বৃদ্ধা অর্চনা শীলের মাথা গোঁজার মতো কোনো ঘর নেই। থাকার জন্য ছোট একটি ঘর তৈরি করে দেওয়ার দাবি নিয়ে গতকাল বুধবার গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল করিম ভুঁইয়ার সঙ্গে দেখা করেন তিনি।
অর্চনার সব কথা শোনার পর তাঁকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ৫৫ বছর বয়সী অর্চনা গাজীপুর মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া এলাকার বাসিন্দা। তিনি নিতাই শীলের মেয়ে।
জেলা প্রশাসকের কাছে অর্চনা জানান, তাঁর স্বামী সেলুনে শ্রমিক হিসেবে কাজ করতেন। ছয় বছর আগে দুই মেয়েকে রেখে মারা যান তিনি।
পরে প্রতিবেশীদের সহযোগিতায় কিছুদিন আগে দুই মেয়ের বিয়ে দিয়েছেন অর্চনা। বর্তমানে অন্যের দেওয়া খাবার খেয়েই দিন কাটছে তাঁর।
অর্চনার নিজের এক টুকরা জমি থাকলেও আর্থিক সামর্থ্য না থাকায় সেখানে ঘর তৈরি করতে পারছেন না। ফলে স্থায়ীভাবে থাকার কোনো জায়গা নেই তাঁর। আজ একজনের বাড়িতে, পরদিন অন্য কারও বাড়িতে থাকতে হয় তাঁকে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভুঁইয়া বলেন, বিভিন্ন পেশার ও বয়সের নারী-পুরুষ নানা ধরনের সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন। সব বড় সমস্যার সমাধান করা সম্ভব না হলেও ছোটখাটো সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন সমস্যায় পড়া মানুষগুলো।
তিনি আরও বলেন, সমাজের বিত্তশালী ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে তাঁদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।