
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ২৫ টন পণ্য শুল্ক পরিশোধ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ছাড়াই বের করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় একটি ট্রাকসহ পুরো চালানটি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক পণ্যের আনুমানিক মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা। প্রাথমিক পরীক্ষায় চালানটির কয়েকটি প্যাকেটে গ্যাস্ট্রিকের ওষুধ ওমিপ্রাজলের উপাদান পাওয়া গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর শেড থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য তুলে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ট্রাকসহ চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
জব্দ করা ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। এতে এক হাজার বস্তায় মোট ২৫ হাজার কেজি বা ২৫ টন পণ্য রয়েছে। চালানটির আমদানিকারক ঢাকার ‘অনিন্দিতা ইন্টারন্যাশনাল’ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের ‘ব্রাইট ইন্টারন্যাশনাল’। সংশ্লিষ্ট আমদানি বিল অব এন্ট্রির নম্বর সি-৭৭১৫৪। ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৬/০০১/০০৬৯৮৮৬/১১।
বেনাপোল কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি, কাস্টমসের হিসাবে অন্তর্ভুক্ত না করে খালাস এবং শুল্ক ফাঁকি দেওয়ার কৌশলে চালানটি বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। একই আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের আগের একটি চালানের শুল্কায়ন সম্পন্ন হওয়ার বিষয়টিকে কাজে লাগিয়ে নতুন চালানটিও কৌশলে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের নজরে আসে। পরে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, একই আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের একটি পণ্য চালান গত ৮ নভেম্বর বেনাপোল বন্দরে প্রবেশ করে। ওই চালানের কাগজপত্র যাচাই, পণ্যের মূল্য ও ধরন নির্ধারণ এবং শুল্ক পরিশোধসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সেটি খালাসের অনুমতি দেওয়া হয়। কাগজপত্রে ওই পণ্যের নাম উল্লেখ ছিল ট্যালক পাউডার।
এরপর একই ঘোষণা দিয়ে আমদানি করা নতুন আরেকটি চালান বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বন্দরের ৯ নম্বর শেডে ভারতীয় ট্রাক থেকে নামানো হয়।
অভিযোগ রয়েছে, আগের চালানের কাগজপত্র এবং শুল্ক পরিশোধের বিষয়টি কাজে লাগিয়ে নতুন চালানটিকেও একই পণ্য হিসেবে দেখিয়ে বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। অথচ নতুন চালানটির পণ্যের ধরন ও মূল্য নির্ধারণ, শুল্ক পরিশোধ এবং খালাসের জন্য প্রয়োজনীয় কোনো আনুষ্ঠানিকতাই সম্পন্ন হয়নি।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা কাগজপত্র যাচাই করেন। এতে আগের চালানের সঙ্গে নতুন চালানের অসংগতি ধরা পড়ে। পাশাপাশি প্রয়োজনীয় শুল্ক পরিশোধ ছাড়াই পণ্য বের করে নেওয়ার প্রস্তুতির বিষয়টিও সামনে আসে।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডার ঘোষণা দিয়ে অন্য কোনো দামি রাসায়নিক বা ভিন্ন ধরনের পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে। প্রাথমিক পরীক্ষায় কয়েকটি প্যাকেটে গ্যাস্ট্রিকের ওষুধ ওমিপ্রাজলের উপাদান পাওয়া গেছে। তবে পরীক্ষাগারে নমুনা পরীক্ষা না করা পর্যন্ত চালানটিতে আসলে কী পণ্য রয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে না।
এ জন্য চালান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয়, এর ওপর প্রযোজ্য শুল্ক এবং কী পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে, তা নির্ধারণ করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দরের ৯ নম্বর শেডে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, আগের একটি চালানের শুল্কায়ন ও খালাসের অনুমতিকে কাজে লাগিয়ে একই আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের নতুন চালানটি প্রয়োজনীয় পণ্যের মূল্য ও ধরন নির্ধারণ এবং শুল্ক পরিশোধ ছাড়াই বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল।
ঘোষণায় উল্লেখ করা পণ্যের সঙ্গে চালানটির প্রকৃত পণ্যের মিল রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় সেটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, এভাবে চালানটি বন্দর থেকে বের করে নেওয়া সম্ভব হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (উপপরিচালক, ট্রাফিক) রুহুল আমিন জানান, জব্দ করা পণ্য চালানটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।