
শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ একাধিকবার আনুষ্ঠানিক আবেদন জানালেও ভারতের কর্মকর্তাদের মধ্যে সন্দেহ রয়েছে, ঢাকার বর্তমান সরকার আসলে তাঁকে দেশে ফেরাতে কতটা আগ্রহী।
ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের প্রকাশ্য দাবি দেশটির সরকারের প্রকৃত রাজনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে নাও মিলতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।
ভারতীয় কর্মকর্তাদের ধারণা, বাংলাদেশ সরকার এরই মধ্যে বেশ কয়েকটি সংকটের মুখে রয়েছে। এর মধ্যে জ্বালানি খাতের সংকট এবং পোশাকশ্রমিকদের বিক্ষোভ অন্যতম।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন তাঁরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর আগে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ফলে দ্রুত এই জটিলতার সমাধান হওয়ার সম্ভাবনা কম।
এ কারণে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও সংশয় রয়েছে ভারতীয় পর্যবেক্ষকদের মধ্যে। তাঁদের মতে, পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তন না এলে নির্ধারিত সময়ে তাঁর দেশে ফেরা কঠিন হতে পারে।
বিবিসি বাংলা জানিয়েছে, ভারতও জানে, নিজেদের চাওয়া শর্ত অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা সহজ হবে না। তারপরও ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার প্রকাশ্য ঘোষণায় সম্মতি দিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরতে না পারলেও এ ঘোষণা থেকে কূটনৈতিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখছে ভারত।
এ বিষয়ে নয়াদিল্লির সাউথ ব্লকের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘অন্তত তখন আমরা বলতে পারব, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখিয়ে তাঁকে ফিরতে দেয়নি।’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও নতুন করে উৎসাহ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারত চায়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ আবারও জায়গা করে নিক। এ কারণে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সম্ভাব্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে নয়াদিল্লি।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ওই সময়েও তিনি ভারতে অবস্থান করলে তাঁকে দেশটিতে আশ্রয় দিয়ে যাওয়ার পক্ষে নতুন একটি যুক্তি পাবে নয়াদিল্লি।