
বাজেটের সীমাবদ্ধতার কারণে প্রত্যাশিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ অনেক কমতে পারে বলে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে জাপান সরকার। এর ফলে দেশটির সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনাও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চীনের সামরিক শক্তি মোকাবিলায় এই সামরিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মনে করে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার। বিষয়টি সম্পর্কে জানেন, এমন চারজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। তবে, আপাত দৃষ্টিতে এই অস্ত্র আমদানি কমিয়ে আনার পরিকল্পনার পেছনে বাজেট সংকটকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করলেও, চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে শিল্পোন্নত দেশ জাপানের এই সিদ্ধান্তে আরও গুরুত্বপূর্ণ কারণ আছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পরবর্তী পাঁচ বছরে প্রতিরক্ষা খাতে ৫০ ট্রিলিয়ন থেকে ৬০ ট্রিলিয়ন ইয়েন (৩১৩ বিলিয়ন থেকে ৩৭৬ বিলিয়ন ডলার) ব্যয়ের প্রস্তাব দিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রস্তাবটি সম্পর্কে অবগত ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন।
এই বরাদ্দ বর্তমান পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার ৪৩ ট্রিলিয়ন ইয়েনের চেয়ে বেশি। তবে প্রতিরক্ষা খাতের কয়েকজন কর্মকর্তা এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আইনপ্রণেতারা ৮০ ট্রিলিয়ন ইয়েনের যে বাজেট ধরে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছিলেন, নতুন প্রস্তাবিত বরাদ্দ তার চেয়ে অনেক কম।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বরাদ্দ কমানোর অর্থ হতে পারে—দেশি ও বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে পরিকল্পনা অনুযায়ী যেসব ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান কেনার কথা ছিল, সেগুলোর অর্ডার অর্ধেক পর্যন্ত কমে যেতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমানও রয়েছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তাঁরা এসব তথ্য জানিয়েছেন।
জাপানের বড় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ (এমএইচআই), মিতসুবিশি ইলেকট্রিক করপোরেশন (মেলকো) এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ (কেএইচআই)। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এমএইচআই ও মেলকো। অন্যদিকে কেএইচআই তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
প্রতিরক্ষা খাতে ব্যয়ের প্রস্তাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা বলেন, ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা পরিষদেও এখনো এত বিস্তারিতভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তাই এ পর্যায়ে আমার মন্তব্য করার সময় এসেছে বলে মনে করি না।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘পরবর্তী সামরিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনায় কত অর্থ ব্যয় করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জাপানের প্রতিরক্ষার জন্য কী প্রয়োজন, তা নির্ধারণ করে সেই অনুযায়ী বাজেট বাড়ানোই আমাদের অবস্থান।’
প্রতিরক্ষা ব্যয়ে ঘাটতির আশঙ্কা
বার্তা সংস্থার হিসাব অনুযায়ী, প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ৬০ ট্রিলিয়ন ইয়েন ব্যয়ের প্রস্তাব বাস্তবায়িত হলেও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মিত্র দেশগুলোর ওপর সামরিক খাতে ব্যয় বাড়ানোর চাপ দিয়ে যাচ্ছেন।
২০২৬ সালের যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশলে বিশ্বের মিত্র দেশগুলোকে তাদের জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ সামরিক বাহিনীর পেছনে এবং আরও ১ দশমিক ৫ শতাংশ বৃহত্তর নিরাপত্তা খাতে ব্যয় করার আহ্বান জানানো হয়েছে।
চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবিলায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান। বিশেষ করে তাইওয়ানে চীনের সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন টোকিও। জাপানের আশঙ্কা, এ ধরনের সংঘাত শুরু হলে দেশটির কাছাকাছি দ্বীপগুলো এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হুমকির মুখে পড়তে পারে।
প্রধানমন্ত্রী তাকাইচি সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর সরকারের চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নিরাপত্তা কৌশল ও প্রতিরক্ষা পরিকল্পনা সংশোধন করে প্রকাশ করার কথা রয়েছে। হামলা ঠেকানো এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিতে জাপান অস্ত্র ও গোলাবারুদের মজুত বাড়ানোর পাশাপাশি সামরিক ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে।
তবে সংশোধিত বাজেট প্রস্তাবের কারণে ড্রোন কেনার অর্ডারে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন।
বিক্রয়কর কমানোর সিদ্ধান্তে বাড়বে রাজস্ব সংকট
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যুক্তি, প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের ব্যয় বাড়ালে প্রধানমন্ত্রী তাকাইচির অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থের সংকট তৈরি হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগ এবং খাদ্যপণ্যের ওপর বিক্রয়কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এসব সিদ্ধান্তের কারণে সরকারের আয়ও কমে যাবে। আলোচনার বিষয়ে জানেন, এমন তিনজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
খাদ্যপণ্যের ওপর বিক্রয়কর কমানো হলে সরকারের বার্ষিক রাজস্ব আয় ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন কমে যেতে পারে। এই ঘাটতি পূরণে বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ অন্যান্য অর্থের উৎস ব্যবহার করতে হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের প্রত্যাশার চেয়ে কম প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবটি প্রধানমন্ত্রী তাকাইচির দলের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পক্ষে থাকা নেতাদের বিরোধিতার মুখে পড়তে পারে। ফলে দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে জাপান কতটা অর্থ ব্যয় করতে পারবে, তা নিয়ে ক্ষমতাসীন দলের ভেতরেই বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আলোচনার বিষয়ে জানেন, এমন ক্ষমতাসীন দলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যেকোনো সময় জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতি ঠেকানো এবং প্রতিরোধ করার মতো সক্ষমতা গড়ে তোলাই যদি লক্ষ্য হয়, তাহলে ৫০ ট্রিলিয়ন ইয়েনের ঘরে থাকা কোনো বাজেটই গ্রহণযোগ্য হতে পারে না।’
সূত্র: রয়টার্স।