
ইন্দোনেশিয়ার উপ-রাষ্ট্রপতি গিবরান রাকাবুমিং রাকা পদত্যাগ করেছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা, বিশেষ করে উচ্চমাধ্যমিকের সনদ নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের প্রধান। অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও ভয়াবহ দাবানল নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষের মধ্যে তাঁর পদত্যাগ প্রেসিডেন্টের প্রশাসনের ওপর আরও চাপ তৈরি করেছে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন গিবরান। দেশটির পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার সাংবাদিকদের এ তথ্য জানান।
গিবরান দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে। তাঁর বাবা প্রাবোও সুবিয়ান্তোর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
৩৯ বছর বয়সী গিবরান পাঁচ বছর মেয়াদের মধ্যে মাত্র দুই বছর দায়িত্ব পালন করেই পদ ছাড়লেন। সম্প্রতি আদালতের কয়েকটি রায়ে তাঁর বিদেশে শিক্ষাগ্রহণসংক্রান্ত সনদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এর পর থেকেই উপ-রাষ্ট্রপতি পদে তাঁর থাকার যোগ্যতা নিয়ে বিতর্ক বাড়তে থাকে।
ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, উপ-রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন করে নির্বাচন আয়োজনের প্রয়োজন হয় না। এ পদ পূরণ না হওয়া পর্যন্ত শূন্য থাকবে। ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট মনোনীত দুজন প্রার্থীর মধ্য থেকে একজনকে নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবে পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি।
এর আগে মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন গিবরান। দীর্ঘমেয়াদি রাজনৈতিক বিতর্ক এড়াতেই তিনি পদ ছাড়তে চান বলে জানিয়েছিলেন।
তবে দেশটির মন্ত্রিসভার এক সদস্য জানান, ওই সময় প্রাবোও গিবরানকে নিজের পক্ষে অবস্থান নিয়ে অভিযোগের জবাব দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ফলে গিবরানের পদত্যাগের প্রস্তাব প্রেসিডেন্ট গ্রহণ করেছিলেন কি না, তা তখন স্পষ্ট ছিল না।
ইন্দোনেশিয়ার সংবিধানে উপ-রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বেশ সীমিত। আনুষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করা এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাঁর দায়িত্ব গ্রহণ করাই এই পদের প্রধান সাংবিধানিক দায়িত্ব।
গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট রায় দেন, বিদেশে শিক্ষাগ্রহণের বিষয়ে গিবরানের জমা দেওয়া নথিপত্র নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ করে না। তাঁর সমালোচকদের অভিযোগ, গিবরান কখনোই উচ্চমাধ্যমিকের সনদ অর্জন করেননি।
এরপর বুধবার আটটি রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা পার্লামেন্টের নিম্নকক্ষের নেতাদের কাছে একটি আবেদন জমা দেন। এর মধ্য দিয়ে গিবরানকে অভিশংসনের দিকে নিয়ে যেতে পারে, এমন একটি সংসদীয় প্রক্রিয়া শুরু হয়েছে।
ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্বাচনী যোগ্যতা পূরণ না করার অভিযোগে গিবরান সংবিধান লঙ্ঘন করেছেন কি না, তা খতিয়ে দেখতে নিম্নকক্ষের নেতাদের একটি বিশেষ কমিটি গঠন করতে হবে।
আইনপ্রণেতারা যদি অভিযোগের পক্ষে যথেষ্ট ভিত্তি খুঁজে পান, তাহলে সংবিধান লঙ্ঘন হয়েছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে নিম্নকক্ষকে সাংবিধানিক আদালতের কাছে আবেদন করতে হবে।
এদিকে গিবরানের রাজনৈতিক অবস্থান দুর্বল হওয়ার পেছনে দেশটিতে চলমান জনঅসন্তোষও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক দুরবস্থা, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকার প্রতিবাদে এসব বিক্ষোভ হচ্ছে।
দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় ইতোমধ্যে হাজারো মানুষ অসুস্থ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণ ও এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে।
এর পাশাপাশি প্রেসিডেন্টকে লক্ষ্য করে আড়ি পাতার ঘটনায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগও তদন্ত করা হচ্ছে। তবে গিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলমান তদন্তের সঙ্গে আড়ি পাতার ওই ঘটনার কোনো সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে না।
সূত্র: আল জাজিরা