
পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জুলাইয়ের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, নুসরাত জুলাইয়ের কন্যা, তাঁর বোন ও সহযোদ্ধা। পূর্ণশক্তি নিয়ে তাঁরা নুসরাতদের পাশে রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবিদুল।
পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের সামগ্রিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করার সময় এসেছে। এখন পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের হাতে হাজারো ভাইবোনের তাজা রক্ত লেগে আছে, তাঁরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই সক্রিয় হতে দেওয়া হবে না।
নুসরাতকে জুলাইয়ের কন্যা, নিজের বোন ও সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে আবিদুল লেখেন, পূর্ণশক্তি নিয়ে তাঁরা নুসরাতদের পাশে আছেন। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ভারতে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট জননী এ দেশের মাটি ও মানুষের কেউ নন বলেও মন্তব্য করেন তিনি। আবিদুল আরও লেখেন, দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাঁর ফাঁসি কার্যকর করতে হবে।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, খুনি হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে পূর্ণোদ্যমে ব্যবস্থা চলবে। সারা দেশে ফ্যাসিবাদবিরোধী শক্তিশালী দুর্গ গড়ে তুলতে হবে। খুনির দলের কাউকে এই মাটিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।