
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদর্শ পাড়ায় তার ছোট ভাই হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গ্রেফতার করে ডিবি।
ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের করা মামলার এক নম্বর আসামি। তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে দপ্তর সম্পাদক মাসুদ রানাকেও গ্রেফতার করা হয়।