
বরিশালে নিখোঁজ হয়েছেন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদিম। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার রাতে বিচারকের নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ বিভিন্ন হাসপাতালসহ সম্ভাব্য স্থানে অনুসন্ধান শুরু করে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে বন্ধ পাওয়া যাচ্ছে। বুধবার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে একটি রিকশায় নগরীর বাংলাবাজার এলাকার দিকে যেতে দেখা গেছে।
ওসি আরও জানান, আদালতের পেশকার বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডির ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মহানগর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিচারকের সন্ধানে কাজ করছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, বুধবার বিচারক শেখ ফারহান নাদিম আদালতে উপস্থিত হননি। পরে খোঁজ নিয়ে তাঁর নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারেন তাঁরা।
একই তথ্য নিশ্চিত করেছেন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট হাফিজ খান বাবলু।
জানা গেছে, মঙ্গলবার আদালতের কাজ শেষে নামাজ আদায় করে বের হন বিচারক নাদিম। পরে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।