.jpg)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। হত্যার একদিন পর নিজ বাড়ির ঘরে রাখা একটি ট্যাংক বাক্সের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার রামকান্তপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য জানান। নিহত মতিফুল খাতুন একই গ্রামের সরোয়ার সরকারের স্ত্রী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের ছেলে আশরাফ আলী (২১), তার বন্ধু ও একই গ্রামের ময়েন সরকারের ছেলে মো. রাহিম (২১) এবং গহনা কেনার অভিযোগে গ্রেপ্তার মৈত্র বড়হর গ্রামের আব্দুল ফকিরের ছেলে জলিল ফকির (৪০)।
ওসি মেহেদী হাসান জানান, সোমবার কোনো এক সময় মতিফুল খাতুনের গলায় কাপড় পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির ঘরের মধ্যে থাকা একটি বড় ট্যাংক বাক্সে ঢুকিয়ে রাখা হয়। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের ছেলে আশরাফ আলী ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আশরাফ পুলিশকে জানান, মাকে হত্যার পর কানের দুলসহ দুটি স্বর্ণের গহনা তিনি বিক্রি করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতেই স্বর্ণের ক্রেতা জলিল ফকিরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মূলত নেশার টাকার জন্য বন্ধুকে সঙ্গে নিয়ে মাকে হত্যা করেন আশরাফ।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।