
চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এর প্রায় ১৮ ঘণ্টা আগে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই মিছিলে নেতৃত্ব দেন কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। বিষয়টি প্রকাশ্যে আসার পর সেলিম উদ্দিনকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে নাশকতার চেষ্টা চালানো হয়। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফাঁকা গুলি ছোড়া হয় বলে স্থানীয় সূত্রের অভিযোগ।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে জ্বলন্ত টায়ারের আগুন নেভায় এবং সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। পরে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
নাশকতার ১৮ ঘণ্টা আগে ছাত্রলীগের ঝটিকা মিছিল
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতের ঘটনার প্রায় ১৮ ঘণ্টা আগে সোমবার ভোর ৫টার দিকে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই মিছিল শেষ করে তাঁরা সেখান থেকে সরে পড়েন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোরের ওই স্বল্পস্থায়ী মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত।
রাতের ঘটনার বিষয়ে ওসি বলেন, ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত একটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে গুলি ছোড়া হয়ে থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল জানান, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে নাশকতা প্রতিরোধ এবং এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের কাছ থেকে সড়কে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। এ কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন অভিযোগ করেন, রাউজানের প্রবেশমুখ ছত্তার ব্রিজ এলাকায় গুটিকয়েক সন্ত্রাসী জনশূন্য সড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা মাঠে রয়েছেন।
ছেলের কর্মকাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি
এদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি।
ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বও পালন করেছেন।
নজরুল ইসলাম বলেন, রাউজানকে অস্থিতিশীল করার অপচেষ্টায় তাঁর ছেলের ভূমিকার কারণে সেলিম উদ্দিনকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। ছেলেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্যও তাঁকে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে সোমবারের ঘটনার পর তাঁকে কার্যত দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তাঁর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।