
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বিস্ফোরণ, হামলাসহ বিভিন্নি নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের আর কোনো জায়গা নেই। অগ্নিসন্ত্রাস ও খুনীদের সমুচিত জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়। এনাফ ইজ এনাফ।'
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
গুম-খুনের রাজনীতি চায় না মানুষ
সন্ত্রাস ও হত্যার রাজনীতি প্রতিহত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না। তারা এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তারেক রহমান বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।’
ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ
প্রধানমন্ত্রী বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।’