
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় টাকা গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় গণনা করা হয়েছে ১০ কোটি টাকা। গণনা শেষে এসব টাকা পুলিশি পাহারায় ব্যাংকে পাঠানো হয়েছে।
এবার দানবাক্সে পাওয়া টাকার পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। প্রায় পাঁচ মাস পর খোলা এসব দানবাক্সে পাওয়া যায় ৫১ বস্তা টাকা।
সকাল সাড়ে ৯টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন ৫১ বস্তা টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর শুরু হয় টাকা গণনার কাজ।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
জানা গেছে, টাকা গণনার কাজে অংশ নিয়েছেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি পুরো কার্যক্রম পরিচালনা করছে।
গণনা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন এসআরবি সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।
সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় বিপুলসংখ্যক এসআরবি, পুলিশ ও আনসার সদস্যও উপস্থিত ছিলেন।
এর আগে, চলতি বছরের ২৭ জুন সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দানবাক্সগুলো থেকে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গিয়েছিল।
মসজিদের দান থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট মসজিদ ছাড়াও জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় ব্যয় করা হয়। পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজেও এসব অর্থ ব্যবহার করা হয়।
প্রায় আড়াইশ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ধর্ম-বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি পরিচিত আধ্যাত্মিক স্থান। মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ নানা উদ্দেশ্যে মসজিদে দান করেন। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রীও দান করেন অনেকে।