
ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন তারা। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন জেলা আনসার কমান্ডার চন্দন দেবনাথ।
তিনি বলেন, ‘বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সি বাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন।’
এ ছাড়া ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতের নিরাপত্তার দায়িত্বেও কাজ করছেন আনসার সদস্যরা।
চন্দন দেবনাথ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।’