
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ কর্মীকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার রুহুল আমিনের ছেলে মো. আলামিন ওরফে মুন্না, একই এলাকার এনামুল হকের ছেলে মো. সাইফ ওরফে পিকু এবং দীঘিনালা উপজেলার মোহাম্মদ ওমর ফারুক। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় শনাক্তের কাজও অব্যাহত রয়েছে।
ওসি কায় কিসলু বলেন, ‘সাদিক কায়েমের বাবা আবুল কাশেম এ ঘটনায় থানায় মামলা করেছেন। প্রাথমিকভাবে জড়িত ব্যক্তিদের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের আটকে পুলিশি অভিযান চলছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চার ব্যক্তি বাজারের ব্যাগে করে কেরোসিন ও পেট্রোল নিয়ে জেলা সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে যান। এরপর তাঁরা বাড়ির চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় অগ্নিসংযোগের দৃশ্য ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাদিক কায়েমের মা-বাবা, বোনসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়।
ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের নিরাপত্তার আশ্বাস দেন।