
নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারিয়েছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। তিনি পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার সড়কে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনে ফেরার পথে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় টোল আদায়কারী ও চালকের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়।
ওই সময় সিএনজিতে থাকা জুলাই যোদ্ধা আব্দুল বারেক তাঁদের বিরোধ থামাতে এগিয়ে যান। এতে তিনি আহত হন। পরে দ্রুত তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, অভিযুক্ত টোল আদায়কারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।