
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে একসঙ্গে বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের সিদ্ধান্ত জানান।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা অসন্তুষ্ট। এ পরিস্থিতিতে প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকবেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনিও সাড়া দেননি।
উল্লেখ্য, এর আগে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে গোপালগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন। তারা সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে নিজেদের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।