
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল। আদালত নতুন করে আগামী ১৯ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন আজ দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত সময় বাড়িয়ে নতুন তারিখ দেন। এ নিয়ে সিআইডি সাতবার সময় পেল।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে।
উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ১৭ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তবে ১৫ জানুয়ারি মামলার বাদী ডিবির দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। এর পর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডিকে দেন এবং ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। পরবর্তী সময়ে কয়েক দফা সময় নেওয়ার পর রোববার আবারও প্রতিবেদন জমা পিছিয়ে গেল।