
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বড় পরিবর্তন এলো। চিফ প্রসিকিউটরের পদে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম, আর দায়িত্বে থাকছেন না তাজুল ইসলাম।
সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আমিনুল ইসলাম এখন থেকে ট্রাইব্যুনালের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।
তাজুল ইসলামের নেতৃত্বে নির্বাচনের আগ পর্যন্ত চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এসব মামলার বিচার বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ চলমান। এর মধ্যে তিনটি মামলার রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডপ্রাপ্ত ২৬ জনের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডসহ দুটি মামলার রায় এখনো অপেক্ষমাণ। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
শুধু জুলাই-আগস্টের ঘটনাই নয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর বিচারও চলছে ট্রাইব্যুনালে। এসব মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান-এর বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম চলমান রয়েছে।