
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোটের ফল নিয়ে আইনি লড়াই নতুন মোড় নিয়েছে। পরাজিত প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ওই আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ নির্দেশ দেন বিচারপতি জাকির হোসেন–এর একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ। আবেদনটি করেছিলেন বিএনপির পরাজিত প্রার্থী কপিল কৃষ্ণ।
আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন হাসানুল আলম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশ জামায়াতে ইসলামী–র প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট—এই তিন উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর কয়েকটি কেন্দ্রের ঘোষিত ভোটের ফল নিয়ে আপত্তি তোলেন কপিল কৃষ্ণ। তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। তবে সেখান থেকে কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন।
সেই আবেদনের শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন।