
বাংলাদেশ ব্যাংক-এর সাবেক গভর্নর আহসান এইচ মনসুর-কে অপসারণ এবং নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এ রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ রিট দায়ের করেন। এতে অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুর-কে সরিয়ে মো. মোস্তাকুর রহমান-কে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়-এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়, গভর্নর পদে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্য প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশও অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।