
অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক কর্মকর্তা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ৬ মে তারিখ নির্ধারণ করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এই আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করা হয়েছে।’
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়, তারা অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নিজেদের দখলে নেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল করেন এবং পরবর্তীতে সেটি রেজিস্ট্রি করেন।
এর মধ্যে গত জুলাইয়ে আসামি শাহ মো. খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে বিষয়টি চেম্বার আদালতে উঠলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।
পরবর্তীতে গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।