
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। নির্ধারিত দিনে সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৭ জুন) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০ ডিসেম্বর আদালতের নির্দেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়।
এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে ডিবি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে বাদী পক্ষ ১৫ জানুয়ারি নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়।
চার্জশিট অনুযায়ী, মামলায় মোট ১৭ জন আসামির মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি ৬ জন পলাতক। অধিকতর তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় মামলার পরবর্তী অগ্রগতি এখন সিআইডির প্রতিবেদনের ওপর নির্ভর করছে।