
সিঙ্গাপুরে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দেশে ফেরত আনা দুই সন্দেহভাজন যুবককে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো দুই ব্যক্তি হলেন সাহেদুল ইসলাম ও রিশাদ তায়ানী।
মামলার নথি অনুযায়ী, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। পরে বুধবার সিঙ্গাপুর পুলিশের মাধ্যমে তাদের বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয় এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি জানতে পেরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, সিঙ্গাপুরে অবস্থানের সময় বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। এছাড়া তারা বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলায় জড়িত হতে পারেন—এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।
তদন্তের স্বার্থে তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে কোনো নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করেছেন কি না, জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নকারী ব্যক্তি বা গোষ্ঠী কারা, দেশে তাদের কোনো নেটওয়ার্ক রয়েছে কি না এবং আন্তর্জাতিক কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ আছে কি না—এসব বিষয়ে তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার কথা আদালতকে জানায় পুলিশ।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।