
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আগামী সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মানবাধিকার সংস্থা অধিকারের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিষয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে সংস্থাটি একটি প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয়। পরে ওই প্রতিবেদন পর্যালোচনা ও যাচাই-বাছাই করে মামলার আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, ‘আগামী ২৭ জুলাই (সোমবার) এটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর মাধ্যমে মামলাটি বিচার শুরুর পরবর্তী ধাপে প্রবেশ করবে।’
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন মামলার সব আসামির নাম প্রকাশ করা হবে।
এ মামলায় বর্তমানে নয়জন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।