
রাজধানীর উত্তরার তুরাগ এলাকার সিরাজ মার্কেটে সাত মাস বয়সী মেয়েকে আছড়ে হত্যা করার ঘটনায় বাবা কবির ইসলামকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় সাত মাস বয়সী রাফামনি কবিতাকে আছড়ে গুরুতর জখম করেন তার বাবা কবির ইসলাম। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
রাফামনিকে হত্যার ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন শিশুটির নানি সারমীন আক্তার। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। পেশায় রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের পর তিনি প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন।
ঘটনার দিন লিমা আক্তার তার অসুস্থ বাবাকে দেখতে সন্তানকে নিয়ে বালুরমাঠ এলাকার হারুন মোল্লার বস্তিতে বাবার বাসায় যান। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কবির ইসলাম ক্ষিপ্ত হয়ে রাফামনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর তুলে সড়কে আছড়ে ফেলেন।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।