
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) আর কার্যকর নয় বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে জানিয়ে দিয়েছে, তারা আর ওই চুক্তির কোনো শর্ত বাস্তবায়নে বাধ্য থাকবে না।
শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ ঘোষণা দেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাস্তবে সমঝোতা স্মারকে থাকা সব অঙ্গীকার লঙ্ঘন করেছে এবং কার্যত পুরো চুক্তিকেই স্থগিত করে দিয়েছে।
ঘারিভাবাদি জানান, এর জবাবে ইরানও সমঝোতা স্মারকের আওতায় থাকা সব ধরনের প্রতিশ্রুতি ও শর্ত বাস্তবায়ন স্থগিত করেছে। ফলে এখন থেকে তেহরান ওই চুক্তির বিধান অনুসরণ করতে বাধ্য নয়।
এই প্রথমবারের মতো ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ওই সমঝোতা স্মারকের আর কোনো কার্যকারিতা নেই। একই সঙ্গে দেশটি স্পষ্ট করেছে, ভবিষ্যতেও চুক্তির কোনো ধারা বা শর্ত তারা মেনে চলবে না।
এর আগে বিভিন্ন সময়ে ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছিলেন। তখন তারা সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি অব্যাহত থাকলে তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে। তবে সর্বশেষ ঘোষণাকে আগের যেকোনো অবস্থানের তুলনায় আরও কঠোর ও চূড়ান্ত বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা