
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যেতে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।
গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর নিজ বাসা থেকে সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জন অস্ত্রশস্ত্র নিয়ে গুলশানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান নেন। অভিযোগে বলা হয়, তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন এবং রাস্তা অবরোধ করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সকাল ৯টার দিকে খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে আসামিরা বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে রাস্তা অবরোধ করে। এতে তিনি সমাবেশে যেতে পারেননি। অভিযোগে আরও বলা হয়, এ সময় নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করা হলে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান (লতিফ) হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৪১, ৩৪২, ৩৪৩, ৩০৭, ১০৯ ও ৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(বি) ধারায় অভিযোগ আনা হয়েছে।