
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আজ রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই আজ সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে।
ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।
এর আগে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার সাবেক দেহরক্ষী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের বিষয়ে তথ্য উঠে আসে।
ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় ইমরুল কায়েস জানান, ইলিয়াস আলী গুম হওয়ার আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফও উপস্থিত ছিলেন।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।