
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থাটি।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগের একটি মামলার তদন্ত এসআরবিকে দেওয়া হয়েছে।
সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে এসআরবিকে নির্দেশ দিয়েছেন।
মো. মিজানুর রহমান ওরফে বাচ্চু বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য এসআরবিকে নির্দেশ দেন।
মামলার আবেদনে বলা হয়, মিরপুর হাউসিং এস্টেট এলাকায় নির্মিত একটি বহুতল ভবনের মালিক মো. ইউনুস আলী ও রুমা আক্তার বর্তমানে স্বপরিবারে কানাডায় বসবাস করছেন। তাদের আপন চাচা মিজানুর রহমান বাংলাদেশে থাকা তাদের স্থাবর সম্পত্তির দেখভাল, রক্ষণাবেক্ষণসহ সার্বিক দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়েছে, মালিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে হেমায়েত উদ্দিন সুমন, মো. নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টি দীর্ঘদিন ধরে বাড়িটি দখল ও আত্মসাতের চেষ্টা করে আসছেন।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৬ জুলাই হেমায়েত উদ্দিনের নেতৃত্বে আসামিরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে বাধা দিলে তারা মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দেন।
একপর্যায়ে হেমায়েত উদ্দিন বাদীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বাড়িতে ঢুকে ভাঙচুর করেন এবং সেখান থেকে দুই লাখ টাকা নিয়ে যান বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।