পবিত্র রমজানকে সামনে রেখে ব্যাংকিং কার্যক্রমে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোজার মাসজুড়ে গ্রাহকদের জন্য নির্ধারিত লেনদেনের সময় ও অফিস সময় দুটিই কমানো হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট জারি করা এক সার্কুলারে নতুন এই সময়সূচির কথা জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে গ্রাহক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ওই সময় বিকল্প ব্যবস্থায় লেনদেন চালু রাখতে হবে।
বর্তমানে ব্যাংকগুলোতে সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয় এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছর রমজান মাসে এ সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক, ফলে রোজার সময় অফিস ও লেনদেনের সময় স্বাভাবিক সময়ের তুলনায় কমে আসে।
আগামী সপ্তাহ থেকেই পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে আগেভাগেই নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে আরও জানানো হয়েছে, রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।