
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বর্তমানে বাংলাদেশের জন্য সরবরাহ ব্যবস্থা অব্যাহত রয়েছে এবং চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, “জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আজকের দিনে, এই মুহূর্তে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা দেখছি, পরিস্থিতি কোনদিকে যায়।”
মন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে জাহাজগুলোকে আফ্রিকার উত্তমাশা ঘুরে আসতে হয়, যার কারণে ভাড়া বেড়ে যায় এবং সব পণ্যের দাম বাড়তে পারে। “তবে এ ধরনের কোনো পরিস্থিতি আমাদের এখনও তৈরি হয়নি,” যোগ করেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই-চার দিনের মধ্যে এই সংঘাতের সমাধান ঘটলে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বাংলাদেশের কোনো ঝুঁকি থাকবে না।