
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী আজ সোমবার সকালে পদত্যাগ করেছেন। ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ছিলেন এবং সাবেক অর্থ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মুসলিম চৌধুরী জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন।
সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত মাসে জাতীয় নির্বাচনের পর জিয়া পরিষদের ব্যানারে ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে বিভিন্ন চাপ দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো তাদের সমর্থিতদের প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখায় বদলি করা। দিন দিন তাদের চাপ বাড়ছিল। এই কারণে চেয়ারম্যান পদত্যাগ করতে পারেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ২৮ আগস্ট মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।