
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান পোশাক শিল্পের এই সংকটময় সময়ে জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের শীর্ষ পর্যায়, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শিল্প মালিকদের ওপর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, উৎসব বোনাস এবং বিদ্যুৎ-গ্যাস বিল পরিশোধের যে চাপ তৈরি হয়েছিল, ঠিক সেই মুহূর্তে ২৫০০ কোটি টাকার এ বরাদ্দ বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
তিনি আরও জানান, বর্তমান বোর্ড আটকে থাকা নগদ সহায়তার অর্থ ছাড়ের বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দফায় দফায় ফলপ্রসূ বৈঠক করেছে। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে এই তহবিল অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১০০০ কোটি টাকা—মোট ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজিএমইএ তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানিয়েছে।
পোশাক শিল্প সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ ও অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এ নগদ সহায়তা রপ্তানিমুখী শিল্পখাতের তারল্য সংকট কিছুটা লাঘব করবে।