
বাংলাদেশের খুচরা বাজারে নতুন গতি যোগ করতে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে এসিআই লজিস্টিকস লিমিটেডের সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’। প্রয়োজনীয় সব আইনগত অনুমোদন সম্পন্ন হওয়ার পর এই অংশীদারত্ব কার্যকর হবে।
গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার এসিআই সেন্টারে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, মিতসুইয়ের সহযোগী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধা প্রদান করবে এসিআই লজিস্টিকসকে।
এই অর্থায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ স্বপ্নের সুদ ব্যয় কমাতে সহায়ক হবে এবং প্রতিষ্ঠানটিকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির, প্রধান অর্থ কর্মকর্তা মো. মনির হোসেন খান এবং মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কাজুহাইডে নাকাজো।
এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এসিআই লজিস্টিকসের অধীনে ‘স্বপ্ন’ বর্তমানে দেশের সবচেয়ে বড় সুপারশপ চেইনগুলোর একটি, যার আউটলেট সংখ্যা ৮৩৫টিরও বেশি। আধুনিক খুচরা ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং দক্ষ সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।
অন্যদিকে, মিতসুই অ্যান্ড কোং জাপানের একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান, যা ৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে। প্রযুক্তিগত দক্ষতা, বৈশ্বিক সোর্সিং সক্ষমতা এবং বিভিন্ন শিল্পখাতে অভিজ্ঞতার কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত।
অনুষ্ঠানে জানানো হয়, স্বপ্নের দ্রুত বিস্তার, কার্যকর পরিচালনা, উন্নত গ্রাহকসেবা এবং মানসম্মত পণ্য সরবরাহের সক্ষমতা বিবেচনায় নিয়েই মিতসুই এই অংশীদারত্বে আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে পরিচালন উৎকর্ষ, সুশাসন, সাপ্লাই চেইন উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
এ অংশীদারত্ব স্বপ্নের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে, আর্থিক সক্ষমতা বাড়াবে এবং দেশের আধুনিক রিটেইল খাতে প্রতিষ্ঠানটির উপস্থিতি আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিনিয়োগকারীর সম্পৃক্ততা বাংলাদেশের খুচরা খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সাব্বির হাসান নাসির বলেন, "গত ৩–৪ বছর ধরে স্বপ্নের পরিচালনা মুনাফা বাড়ছে। একদিকে পরিচালনা মুনাফা বাড়ছে, অন্যদিকে সুদের হার বেড়েছে। সব মিলিয়ে স্বপ্ন লোকসানে আছে।" তিনি আরও বলেন, "এখন যে চুক্তি হচ্ছে, এটা কোনো না কোনোভাবে সুদের ব্যয় কমিয়ে দেবে। সুতরাং পরিচালন মুনাফা বাড়া এবং সুদ ব্যয় কমার কারণে লাভের দিকে যাবে এটাই স্বাভাবিক। তবে এটা এক বছর বা দুই বছর পর হবে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আমরা আশা করছি, শিগগির আমরা মার্জিন লেভেলে চলে আসবো।"