
চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ে বড় ধরনের পতন দেখা দিয়েছে, যা উন্নয়ন কর্মকাণ্ডের গতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাই থেকে ফেব্রুয়ারি সময়কালে বৈদেশিক ঋণ ছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কমেছে।
সোমবার (৩০ মার্চ) প্রকাশিত ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে উন্নয়ন সহযোগীরা মোট ৩.০৫৩ বিলিয়ন (৩০৫ কোটি ৩০ লাখ) ডলারের ঋণ ছাড় করেছে। অথচ আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪.১৩৪ বিলিয়ন (৪১৩ কোটি ৪০ লাখ) ডলার। ফলে এক বছরের ব্যবধানে ঋণ ছাড় কমেছে ১.০৮১ বিলিয়ন ডলার।
ইআরডির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নিম্নমুখী প্রবণতার পেছনে মূলত দুটি কারণ কাজ করছে। দীর্ঘদিন ধরে প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার ঘাটতি একটি বড় সমস্যা হিসেবে রয়েছে। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনসংক্রান্ত ব্যস্ততা যোগ হওয়ায় উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি আরও ধীর হয়েছে।